নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বর্ধমান স্টেশনে এসআইআর সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে শনিবার দুপুরে তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রেলচত্বর। এসআইআর যাচাই ও নোটিশের নামে হয়রানির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা আচমকাই রেল অবরোধে শামিল হন। জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা রেল লাইনের ওপর বসে পড়েন, কেউ কেউ শুয়েও পড়েন লাইনের ওপর, ফলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
হঠাৎ এই অবরোধে চরম দুর্ভোগে পড়েন শতাধিক যাত্রী। দূরপাল্লার ও লোকাল মিলিয়ে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে। গরম ও অনিশ্চয়তার মধ্যে পড়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় যাত্রীদের একাংশকে। তবে বিক্ষোভকারীরা অনড় থাকেন তাঁদের দাবিতে।
বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর সংক্রান্ত যাচাই প্রক্রিয়ায় অযথা নোটিশ পাঠানো হচ্ছে এবং সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। তাঁদের দাবি, অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে এবং স্পষ্টভাবে সমস্যার সমাধান করতে হবে প্রশাসনকে। দাবি আদায়ের লক্ষ্যেই তাঁরা রেল অবরোধে বসতে বাধ্য হয়েছেন বলে জানান আন্দোলনকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্তারা। অবরোধ তুলে নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আলোচনা চলছিল এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছিল প্রশাসন।
