নিজস্ব সংবাদদাতা, আরএনবি: যুবশ্রী, যুব উৎসব ও উৎসাহ প্রকল্প এক সময় বাংলার বেকার যুবক-যুবতীদের কাছে আশার আলো ছিল। কিন্তু অভিযোগ উঠছে, সেই প্রকল্পগুলির কার্যকারিতা আজ প্রশ্নের মুখে। বিরোধীদের দাবি, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে রাজ্যে কর্মসংস্থানের পরিস্থিতি ক্রমশ অবনতি হয়েছে। তাদের মতে, বাংলায় প্রায় ২ কোটি ১৫ লক্ষ মানুষ বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন।
এছাড়া অভিযোগ করা হচ্ছে, ৫১টি কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা পড়েছে এবং শিল্পায়নের গতি থমকে গেছে। এর ফলে প্রায় ১ কোটি মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে কাজ করতে বাধ্য হয়েছেন। শিক্ষিত যুবক-যুবতীদের সঙ্গেও প্রতারণা হয়েছে বলে বিরোধীদের দাবি। ২০১৭-১৮ অর্থবর্ষের পর থেকে যুবশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় বন্ধ বলেও অভিযোগ উঠেছে। প্রায় ১৭ লক্ষ আবেদনকারীর একটি তালিকা তাদের কাছে রয়েছে বলে জানানো হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী “চাকরি চায় বাংলা” কর্মসূচির মাধ্যমে তৃণমূল সরকারের বিরুদ্ধে আলাদা আন্দোলনের পরিকল্পনা করেছেন। তাঁর বক্তব্য, রাজ্যে শিল্পায়নের আপমৃত্যু ঘটেছে এবং কর্মসংস্থানের অভাবেই যুব সমাজ আজ চরম সংকটে।
এই ইস্যু ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিসরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। কর্মসংস্থান ও শিল্পোন্নয়নই এখন বাংলার রাজনীতির অন্যতম কেন্দ্রীয় প্রশ্ন হয়ে উঠেছে।
