রবীন্দ্র – নজরুল জয়ন্তী পালন ও মুমুর্ষু রোগীদের নবজীবন দানে মানবিক পরিষেবা ‌

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: গ্ৰামীণ হাওড়া জেলার বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান বাঙালপুর। এই বাঙালপুর গ্ৰামে স্বাধীনতা সংগ্ৰামীদের প্রতিষ্ঠিত বাঙালপুর বয়েজ ক্লাব এর উদ্যোগে রবীন্দ্র – নজরুল জয়ন্তী পালন এর পাশাপাশি মুমুর্ষু রোগীদের জীবনদানে মানবিক পরিষেবা অনুষ্ঠিত হল।

‌১৯৩৩ সালে স্বাধীনতা সংগ্ৰামী বিভূতি ঘোষ এই এলাকার যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক মানসিকতা, সমাজসেবা, দেশসেবার জন্য গড়ে তুলেছিলেন বাঙালপুর বয়েজ ক্লাব। স্বাধীনতা সংগ্ৰামী বিভূতি ঘোষ এর লক্ষ্য ও উদ্দেশ্যকে পাথেয় করে বাঙালপুর বয়েজ ক্লাব সুস্থ সংস্কৃতির পুর্নজাগরণে সাংস্কৃতিক অনুষ্ঠান, মনীষীদের জম্মদিন – মৃত্যুদিন পালন ও তাদের মূল্যায়ন, সমাজসেবামূলক নানান কর্মসূচি নিরবিচ্ছিন্নভাবে পালন করে চলেছেন। সংগঠনের অন্যতম সদস্য সমাজসেবী গান্ধীবাদী গোপাল ঘোষ , সংগঠনের অন্যতম সদস্য তপন ঘোষ বলেন,বাঙালপুর বয়েজ ক্লাব আজম্ম গৌরব মাহাত্ম্যে অন্যান্য ক্লাব গুলো থেকে সম্পূর্ণ পৃথক। এই ক্লাব তৈরি হয়েছিল ১৯৩৩ সালে। দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলের একটি ক্লাবের নাম বয়েজ ক্লাব দেখে এবং তাদের কর্মকান্ডে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে এই ক্লাবের নামকরণ করেছিলেন বাঙালপুর বয়েজ ক্লাব। এই ক্লাব সাহিত্য – সংস্কৃতি, সমাজসেবা, খেলাধুলার ক্ষেত্রে বাগনান থানার মধ্যে বলা যায় শীর্ষে। ‌রবীন্দ্র – নজরুল পালনের পাশাপাশি ছিল মুমুর্ষু রোগীদের নবজীবন দানে মানবিক পরিষেবা রক্তদান শিবির কর্মসূচি।

২৯ বছর ধরে সরকারি ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে রক্তদান শিবির কর্মসূচির আয়োজন করে চলেছেন বাঙালপুর বয়েজ ক্লাব।বাঙালপুর বয়েজ ক্লাব এলাকার পাশাপাশি পাশ্ববর্তী এলাকার রক্তদান শিবিরের উদ্যোক্তাদের পথ দেখালেন ‘ বিনা উপঢৌকনে রক্তদান শিবির কর্মসূচি পালন করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভঃ মেডিক্যাল কলেজ হসপিটাল উলুবেড়িয়া ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ও সহকর্মীদের সহযোগিতায় উপঢৌকন বিহীন রক্তদান শিবিরে প্রকৃত স্বেচ্ছায় ১৫ জন মহিলা সহ ৪০ জন রক্তদান সৈনিক রক্তদান করে রাজ্যের সরকারি ব্লাড ব্যাঙ্কের রক্তের কিছুটা চাহিদা পূরণ করলেন। এই শিবিরে অনেক মহিলা,ডাক্তারি পরীক্ষায় আজকের রক্তদান শিবিরে রক্তদান করার উপযুক্ত নন শুনে বিমর্ষ হয়ে ফিরে যান। ‌

বাঙালপুর বয়েজ ক্লাব এর উপদেষ্টা মন্ডলীর সদস্য তপন ঘোষ,সমাজসেবী তথা গান্ধীবাদী গোপাল ঘোষ বলেন, দিন দিন রক্তদাতাদের সংখ্যা সর্বত্রই কমছে। অনেকের রক্তদান করার সদিচ্ছা থাকলে ও রক্ত দান করতে পারছে না। বর্তমানে অনেকেই নানান অসুস্থতার জন্য ঔষধ সেবন করছেন।যে ঔষধ গুলো সেবনে রক্তদান করা যায় না। ওনারা বর্তমান পরিস্থিতিতে রক্ত নিয়ে বেসরকারী ব্লাড ব্যাঙ্ক গুলির কালোবাজারি রুখতে সরকারি ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের মজুত রাখার জন্য রক্তদান শিবির করার উদ্যোক্তাদের সরকারি ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে রক্তদান শিবির কর্মসূচি পালনের আহ্বান জানান। উপঢৌকন বিহীন রক্তদান শিবিরে রক্ত সৈনিকদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন বাগনান থানার আই,সি শুভ্র সান্যাল। উপস্থিত ছিলেন গোপাল ঘোষ,তপন ঘোষ, মানিকলাল ঘোষ, ক্লাবের সম্পাদক বিপ্লব ঘোষ, দীপঙ্কর ঘোষ সহ সমাজে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ববৃন্দ। রবীন্দ্র – নজরুল জয়ন্তী পালনে সান্ধ্যকালীন অনুষ্ঠানে এলাকার শিশু – কিশোর,যুব – যুবতীরা রবীন্দ্র – নজরুল আলোচনা, সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন।মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থিত সকলের প্রশংসিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!