নিজস্ব সংবাদদাতা, আরএনবি: স্বাধীন ভারতে এক ব্যতিক্রমী ও আলোচিত মুহূর্তের সাক্ষী হতে চলেছে সুপ্রিম কোর্ট। আজ বুধবার এসআইআর মামলার শুনানিতে দেশের সর্বোচ্চ আদালতে উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, একজন এলএলবি ডিগ্রিধারী হিসেবে তিনি নিজ মামলার শুনানি পর্বে উপস্থিত থাকবেন। যদিও সরাসরি সওয়াল -জবাবে অংশ নেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত নয়, তবে প্রয়োজনে বিচারপতির কাছে নিজে সওয়াল করার অনুমতিও চাইতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা।
এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশিত একটি পোস্টারে দেখা যাচ্ছে নীল পাড় সাদা শাড়ি, তার ওপর আইনজীবীর কালো কোট পরিহিত এক মহিলা সুপ্রিম কোর্টের সিঁড়ি বেয়ে উঠছেন। পোস্টারের ক্যাপশনে লেখা, “ঐতিহাসিক এসআইআর-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি মুখ্যমন্ত্রী সত্যিই আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত থাকেন, তবে তা স্বাধীন ভারতের বিচার ও রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় হয়ে থাকবে। এই উপস্থিতি শুধু আইনি লড়াই নয়, রাজনৈতিক বার্তাও বহন করছে এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
