নিজস্ব সংবাদদাতা, আরএনবি: বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। টেলিভিশন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাস্তাঘাটের বিলবোর্ড সবখানেই এখন ভেসে আসে লোভনীয় বিজ্ঞাপনের ঢল। “একটি কিনলে একটি ফ্রি”, “আজই অর্ডার করুন, বিশাল ছাড়!”, “মাত্র এক ক্লিকেই জীবন বদলে যাবে” এমন নানা বার্তায় ভরে উঠেছে আমাদের চারপাশ। এসব অফারের পিছনে ছুটতে গিয়ে প্রতিদিন অগণিত মানুষ প্রতারিত হচ্ছে। কেউ ভুয়ো অনলাইন শপে টাকা হারাচ্ছে, কেউ নকল পণ্য হাতে পাচ্ছে, আবার কেউ ব্যক্তিগত তথ্য ফাঁসের শিকার হচ্ছে।
মানুষের সহজ-সরল বিশ্বাস, দ্রুত লাভের আশাই এসব প্রতারণার মূল সুযোগ তৈরি করে দিচ্ছে। ব্যবসা বাড়ানোর নামে অনেক প্রতিষ্ঠান গ্রাহকদের বিভ্রান্ত করে ভুয়ো দাবি করছে, যা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।
এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে প্রয়োজন সচেতনতা ও সাবধানতা। যেকোনো অফারে আগ্রহী হওয়ার আগে তার সত্যতা যাচাই করা, বিশ্বস্ত উৎস থেকে কেনাকাটা করা এবং অজানা লিংকে ক্লিক না করা জরুরি। সরকার ও গণমাধ্যমকেও উচিত এসব ভুয়ো বিজ্ঞাপন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া।
লোভনীয় বিজ্ঞাপন আমাদের চোখে ঝলকানি দিলেও, বাস্তবে তা অনেক সময় ধোঁকা ছাড়া আর কিছু নয়। তাই প্রলোভনের পিছনে না ছুটে সচেতন ও বিবেচক ভোক্তা হওয়াই আজকের যুগের সবচেয়ে বড় প্রয়োজন।
