কৃতী ছাত্রের সাফল্যে গৌরবান্বিত খিলা গোপীমোহন শিক্ষা সদন

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩। পর্ষদের তরফ থেকে জানানো হয়, এবার মেধাতালিকায় ১৩১ জন আছেন। এবছর চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ্যে আসতেই গর্বে উজ্জ্বল হল খিলা গোপীমোহন শিক্ষা সদন। বিদ্যালয়ের এক কৃতী ছাত্র সাগ্নিক ভৌমিক রাজ্যস্তরে দশম স্থান এবং বিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করে নজর কাড়ল শিক্ষা মহলে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৮। ছাত্রের এই সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে গোটা এলাকার মানুষ আনন্দে উচ্ছ্বসিত।বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিল ওই ছাত্র। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের পরামর্শ এবং পরিবারের সমর্থনই তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। ফল প্রকাশের পর থেকেই বিদ্যালয়ে শুরু হয় শুভেচ্ছার ঢল। শিক্ষকরা ছাত্রকে ফুলের তোড়া ও মিষ্টি খাইয়ে অভিনন্দন জানান। কৃতী ছাত্র জানায়, ভবিষ্যতে সে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে গবেষণার কাজে যুক্ত হতে চায়। তার এই সাফল্যের পিছনে বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথাও সে উল্লেখ করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “এই সাফল্য শুধু একজন ছাত্রের নয়, গোটা বিদ্যালয়ের গর্ব। আগামী দিনে আরও অনেক ছাত্রছাত্রী এই সাফল্য থেকে অনুপ্রেরণা পাবে।”এলাকার বাসিন্দারাও কৃতী ছাত্রের বাড়িতে ভিড় জমান শুভেচ্ছা জানাতে। বহু মানুষ মনে করছেন, গ্রাম বাংলার বিদ্যালয় থেকেও যে মেধার উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করা সম্ভব, এই ফলাফল তারই প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!