দাদপুরে বাড়িতে চুরি, গ্রেপ্তার ৩ ,উদ্ধার নগদ ৫৩,৫০০ টাকা ও সোনার গয়না

নিজস্ব সংবাদদাতা, হুগলী: হুগলী গ্রামীণ জেলা পুলিশের দাদপুর থানার তৎপরতায় একটি বাড়িতে চুরির ঘটনার দ্রুত কিনারা করে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ৫৩,৫০০ টাকা এবং প্রায় ১৯ গ্রাম ওজনের একটি সোনার গয়না, যা আইনানুগভাবে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাদপুর থানার গণেশপুর এলাকার এক বাসিন্দা তাঁর বাড়িতে চুরির অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে, অভিযোগকারীর বাড়িতে রংয়ের কাজ করতে আসা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। তদন্তের সূত্র ধরে প্রথমে এফআইআর-এ নাম থাকা দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া সামগ্রী গ্রহণকারী (রিসিভার) আরও এক ব্যক্তির নাম সামনে আসে।

এরপর তাঁকেও গ্রেপ্তার করা হয়। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অভিযুক্তদের দেখানো মতে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ ৩৮,৫০০ ও ১৫, ০০০টাকা এবং প্রায় ১৯ গ্রাম ওজনের একটি সোনার গয়না। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলায় প্রয়োজনীয় ধারা যোগ করে আদালতে পেশ করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং চুরি হওয়া অন্য সামগ্রী উদ্ধার করা সম্ভব কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!