‘পদ্মশ্রী’ সম্মানে প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাতে বালিগঞ্জের বাড়িতে প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : পদ্মশ্রী সম্মান পাচ্ছেন জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গত ২৫ জানুয়ারি তাঁর নাম ঘোষণা করা হয়েছিল। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে। প্রসেনজিৎ ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে আরও ১০ জন এই সম্মান পাচ্ছেন।

এই উপলক্ষে শনিবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে তাঁর বালিগঞ্জের বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক বিভাগের প্রধান ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাঁরা ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে গিয়ে অভিনেতাকে শুভেচ্ছা জানান। সুকান্ত মজুমদার প্রসেনজিতকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান এবং অযোধ্যার রামলালার একটি প্রতিকৃতি উপহার দেন।

এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তিনি জানান, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, ” প্রসেনজিৎদার বাড়িতে আসার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।সব বিষয়ে রাজনীতি ঢোকাতে নেই। যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্ম সন্মান পেয়েছেন, আজ সেই জন্যই তাঁকে শুভেচ্ছা এবং সংবর্ধনা জানাতে আমরা এখানে এসেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!