বেকারদের পাশে রাজ্য, মার্চ থেকেই শুরু ভাতা প্রদান

নিজস্ব সংবাদদাতা,আরএনবি:
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন,আজ থেকেই বেকার ভাতার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে।আগামী কাল নারী দিবস,সেই কথা মাথায় রেখেই তাঁর এই আগাম উদ্যোগ,এমনটাই জানিয়েছেন তিনি।

রাজ্য সরকারের যুবসাথি প্রকল্পের আওতায় মাধ্যমিক পাস ২১ থেকে ৪০ বছর বয়সি বেকারদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে।মুখ্যমন্ত্রী জানান,বাজেটে এই প্রকল্প ঘোষণার পরই বিপুল সাড়া মিলেছে।ইতিমধ্যে প্রায় ১ কোটি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি।প্রথমে ঠিক ছিল আগস্ট মাস থেকে টাকা দেওয়া শুরু হবে,তবে রাজ্য সরকার সিদ্ধান্ত বদলে মার্চ মাস থেকেই টাকা দেওয়া শুরু করছে।ফলে বহু বেকার যুবক-যুবতী দ্রুত এই আর্থিক সহায়তা পেতে চলেছেন।

মুখ্যমন্ত্রী বলেন,“যুবকদের পাশে থাকতে রাজ্য সরকার সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।যারা এখনও চাকরি পাননি,তাদের সাময়িক আর্থিক সহায়তা দেওয়ার জন্যই এই উদ্যোগ।”রাজ্য সরকারের দাবি,এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক বেকার যুবক-যুবতী উপকৃত হবেন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়া পর্যন্ত তারা অন্তত কিছুটা আর্থিক সহায়তা পাবেন।মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে সকল আবেদনকারী খুবই খুশি।

যুবসাথি প্রকল্পের টাকা সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানিয়েছে প্রশাসন।সূত্রের খবর,ইতিমধ্যেই উপযুক্ত আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!