দীর্ঘদিনের দাবিতে সাড়া, আমতায় ফায়ার ব্রিগেড স্টেশন তৈরির সূচনা

নিজস্ব সংবাদদাতা,আরএনবি:হাওড়া জেলার আমতা এলাকায় আধুনিক দমকল পরিষেবা পৌঁছে দিতে নতুন ফায়ার ব্রিগেড স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হলো।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় শনিবার আমতা নতুন রাস্তার কাছে বাগনান রোড এলাকায় এই দমকল কেন্দ্রের শিলান্যাস করেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝি।দীর্ঘদিন ধরেই এলাকায় একটি আধুনিক দমকল কেন্দ্রের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।এতদিন আগুন লাগার মতো পরিস্থিতিতে দূরবর্তী দমকল কেন্দ্র থেকে গাড়ি পৌঁছাতে অনেক সময় লেগে যেত।ফলে বহু ক্ষেত্রেই আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হতো বলে অভিযোগ ছিল স্থানীয়দের।নতুন এই দমকল কেন্দ্র তৈরি হয়ে গেলে আমতা,জয়পুর,খানাকুল জগৎবল্লভপুর,উদয়নারায়ণপুর,পেঁড়ো সহ বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে,নতুন স্টেশনে আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম,পর্যাপ্ত কর্মী এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হবে।ফলে আগুন লাগার ঘটনায় দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে।শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নির্মল মাঝি জানান,মানুষের নিরাপত্তা ও জরুরি পরিষেবাকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকায় খুশির পরিবেশ তৈরি হয়েছে।স্থানীয় বাসিন্দাদের মতে, নতুন এই দমকল কেন্দ্র চালু হলে আমতা ও সংলগ্ন এলাকায় অগ্নিনির্বাপণ পরিষেবায় বড়সড় উন্নতি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!